ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সরকার পতনের একদফা দাবিতে শুক্রবার ঢাকায় গণমিছিলের ঘোষণা বিএনপির

সরকার পতনের একদফা দাবিতে ঢাকা মহানগরে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার (১১ আগস্ট) জুমার নামাজের পর ঢাকা মহানগরে উত্তর ও দক্ষিণে এ গণমিছিল হবে।বুধবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির পাশাপাশি আন্দোলন শরিক সমমনা রাজনৈতিক দলগুলোও রাজধানীতে গণমিছিল করবে বলে জানান তিনি।


মির্জা ফখরুল বলেন, “যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, তা আওয়ামী লীগ ধুলিসাৎ করে দিয়েছে। গণতন্ত্রের মোড়ক পড়ে দেশে একদলীয় ব্যবস্থা কায়েম করেছে। ১৪ বছরের অন্যায়-অত্যাচার, লুণ্ঠন ও দুর্নীতির মাধ্যমে দেশকে ফোকলা বানিয়ে ফেলেছে।”


তিনি আরও বলেন, “আজ খালেদা জিয়াকে অন্যায়ভাবে গৃহবন্দি করে রাখা হয়েছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে তাদের কোনো বিচার নেই।”


বিএনপি মহাসচিব বলেন, “বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তি করে সাজা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ নির্বাচনের আগে সরকার মাঠ ফাঁকা রাখতে চায়। যাতে জনগণ ভোট কেন্দ্রে না যেতে পারে। এই সরকার যদি আবার ক্ষমতায় আসে শুধু গণতন্ত্রই নয়, হুমকির মুখে পড়বে দেশে সার্বভৌমত্ব।”


সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, দলটির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑